বার্তা সংস্থা আবনা : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ও প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি তেহরানের বিরুদ্ধে কোনো রকম হামলা চালায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যাবে।
তিনি আরো বলেছেন, "আমেরিকা এবং ইসরাইল একে অপরের সঙ্গে চলাফেলা করে এবং কোনোভাবেই আমেরিকার সমর্থন ছাড়া ইসরাইল যুদ্ধে জাড়াবে না। যদি ইসরাইল ইরানের ওপর হামলা চালায় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং অবস্থা এমন হলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার আশঙ্কা রেয়ছে। এর মানেই হচ্ছে- কিছু দেশ ইরানের পক্ষে এবং কিছু দেশ ইরানের বিপক্ষে যুদ্ধে জড়িয়ে পড়বে।"
জেনারেল আমির আলি হাজিজাদেহ বলেন, ইরানের সঙ্গে শুধু ইসরাইল কিংবা আমেরিকার একক যুদ্ধ কল্পনাই করা যায় না। আর যদি যুদ্ধ বাধে তাহলে ইরান দু'পক্ষের ওপরই পাল্টা হামলা চালাবে। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে আমেরিকার ভূমি বলে মনে করে। সে কারণে যুদ্ধ শুরু হলে অবশ্যই ইরানের সামরিক বাহিনী সেগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। আমির আলি হাজিজাদেহ আরো বলেন, যদি যুদ্ধ বাধে তাহলে এ অঞ্চলের কোনো দেশ নিরপেক্ষ থাকবে -এটা ভাবা ঠিক হবে না।
এর আগে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলি জাফারি গত শনিবার বলেছেন, ইরানের ওপর ইসরাইল হামলা চালাতে পারে এবং হামলা হলে ইসরাইলের ধ্বংস অনিবার্য হয়ে উঠবে।#
(সূত্র : রেডিও তেহরান)